
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হরিদেব পুরের এক মহিলা থানায় অভিযোগ করতে গিয়ে পুলিশের দ্বারা হেনস্তার শিকার হলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিদেবপুর থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন স্থানীয় এলাকারই বাসিন্দা ওই মহিলা। গার্হস্থ্য হিংসার অভিযোগ জানিয়েছিলেন তিনি। সেই সময় থানাতে ছিলেন অভিযুক্ত পুলিশ সাব ইনস্পেক্টরও। ওই মহিলার অভিযোগ জানিয়ে যাওয়ার দিন কয়েক পর, ওই পুলিশকর্মী স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত করতে হরিদেবপুরে চলে যান। অথচ তিনি যে ঘটনাটির তদন্ত করতে যাচ্ছেন, সে কথা থানার কাউকে জানাননি। এর পরই পুলিশের কাছে ফোন আসে ওই মহিলার।
ওই সাব ইনস্পেক্টরের বিরুদ্ধে তদন্তের নামে বাড়িতে গিয়ে তাঁকে ‘কুপ্রস্তাব’ দেওয়ার অভিযোগ করেছেন ওই মহিলা। পুলিশকে তিনি জানিয়েছেন, ওই পুলিশকর্মী তাঁর বাড়িতে গিয়ে অসংলগ্ন কথাবার্তা বলছিলেন, দুর্ব্যবহারও করছিলেন। এই অভিযোগ পাওয়ার পরই মঙ্গলবার ওই সাব ইনস্পেক্টরকে সাসপেন্ড করে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর।
