
ময়না, ২৪ জুন : পূর্ব মেদিনীপুরের ময়নায় তৃণমূলের প্রচারে গিয়ে দলের পুরনো কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হল দলের মুখপাত্র কুণাল ঘোষকে। একটি বাজার এলাকায় কুণাল পৌঁছতেই পুরনো দিনের কর্মীরা তাঁকে ঘিরে ধরে জানান, এখন যাঁরা দল চালাচ্ছেন তাঁরা দলের কোনও কর্মসূচির খবরই দিচ্ছেন না ।
ওই জটলার মধ্যে দাঁড়িয়ে সব কথা শুনে কুণাল অনুরোধ করেন সভায় আসার জন্য। পরে অনেকেই সেই সভায় উপস্থিত হয়েছিলেন। মঞ্চ থেকে ভাষণ দেওয়ার সময়ে কুণাল বলেন, ‘দলের পুরনো দিনের কর্মীরা তাঁদের ক্ষোভের কথা জানিয়েছেন। তাঁদের ক্ষোভ সঙ্গত। যাঁরা দলকে নেতৃত্ব দিচ্ছেন, তাঁদের দায়িত্ব রয়েছে সবাইকে কর্মসূচির খবর দেওয়ার।’
কুণাল এদিন মেনে নেন, ময়নার স্থানীয় নেতৃত্বের ত্রুটি রয়েছে। সেইসঙ্গে এও বলেন, ঐক্যবদ্ধ হয়েই পঞ্চায়েত ভোট লড়তে হবে। একুশের ভোটে এই ময়না জিতেছিল বিজেপি। সেখানকার বিধায়ক বাংলার প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। অনেকের মতে, কুণালও হয়তো বুঝেছেন এই মাটিতে পুরনোদের গুরুত্ব না দিলে পঞ্চায়েতে ঘুরে দাঁড়ানো মুশকিল।
