
মালবাজার, ১৫ জুলাই : প্রবল বর্ষণে জল ঢুকেছে জলপাইগুড়ির মাল শহরে। জল ঢুকে বিকল হয়ে পড়েছে মহাকাল পাড়ায় মাল নদীর ধারের শ্মশান ঘাট।
মাল শহরে কাঠে শবদাহের জন্য দুটি চুল্লি রয়েছে। কিন্তু তার উপরের চালও ভাঙ্গা। জল পড়ে। শব দেহ নিয়ে শ্মশানে ঢুকলেই বিড়ম্বনায় পড়তে হচ্ছে। রাতে দু একটি বাদে বাতিও জ্বলছে না। মাল শহরের দুই নম্বর ওয়ার্ডের শ্মশান ঘাট বর্তমানে এমনই বেহাল দশায় রয়েছে। ঠিক পাশেই বৈদ্যুতিক চুল্লির শ্মশান রয়েছে। সম্প্রতি বজ্রবিদ্যুতে বিকল হয় একমাত্র চুল্লিও। তারপর যন্ত্রাংশ আর সারাই হয় নি। তা বন্ধই রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন মালবাজারের বাসিন্দারা।
পরিস্থিতির সম্পর্কে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল পুরসভা। শুক্রবার মাল পুরসভার পুরপ্রধান স্বপন সাহা শ্মশান ঘাটের কর্মীদের নিয়ে জরুরী ভিত্তিতে বৈঠক করেন। স্বপন বাবু বলেন, ‘আমরা দ্রুত পুরনো শ্মশান ঘাটের আমূল সংস্কারের পরিকল্পনা নিয়েছি। করা হবে সৌন্দর্যায়ন। পাশাপাশি পর্যাপ্ত কাঠ মজুত রাখা এবং কাঠের ঘর সংস্কারও করা হবে। স্বপন বাবু বলেন বজ্রবিদ্যুতের জন্যই শ্মশান ঘাটের বৈদ্যুতিক চুল্লি সমস্যা দেখা গেছে। চুল্লিটি মেরামত করতে আমরা সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করেছি। শীঘ্রই তা সংস্কারের কাজ শুরু হবে।
