
কলকাতা, ১৫ জুন : নির্দেশিকা মেনে বৃহস্পতিবার খুলল পশ্চিমবঙ্গের সরকারি, সরকার-পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি।
দিন কয়েক আগেই খুলে গেছে বেশ কিছু বেসরকারি স্কুল। তবে বেশিরভাগ স্কুলই খুলল বৃহস্পতিবার থেকে। শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে স্কুল ছুটি থাকার কারণে পড়ুয়াদের পাঠক্রম নিয়ে তাঁরা চিন্তিত। তাই অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করবেন তাঁরা।
গরমের ছুটি কাটিয়ে আজ থেকে সমস্ত স্কুল খুলে গেলেও এখনই ছুটি নেয়নি গরম। চিকিৎসকেরা বলছেন, গরমের তীব্রতা এখনও কাটেনি। কিন্তু স্কুল খুলে যাওয়াটাই ভালো। তবে, সাবধানতা অবলম্বন করে পড়ুয়াদের স্কুলে যেতে হবে। গরমের ছুটি দীর্ঘমেয়াদি হওয়ার কারণে পাঠক্রম শেষ করতে অসুবিধা হতে পারে বলে মনে করছেন শিক্ষক শিক্ষিকারা। এ নিয়ে যোধপুর পার্ক বয়েজ় স্কুলের প্রধান শিক্ষক অমিত সেন মজুমদার জানান আমাদের স্কুলে গরমের ছুটিতে অনলাইন ক্লাস হয়েছে। স্কুল খুললে কিছু অতিরিক্ত অফলাইন ক্লাসও নেওয়া হবে। আমরা সেই মতো রুটিন তৈরি করছি।
