
ধূপগুড়ি, ১৪ আগস্ট: যান্ত্রিক গোলযোগের জেরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি গামী বন্দে ভারত এক্সপ্রেস। সোমবার ধূপগুড়ির পরের স্টেশন কলাই গ্রামে দীর্ঘক্ষণ আটকে রয়েছে ভারতীয় রেলের উচ্চগতিসম্পন্ন ট্রেনটি।
নির্দিষ্ট সময়েই নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ে গুয়াহাটিগামী বন্দে ভারত এক্সপ্রেস। কিন্তু কিছুদূর আসার পরই এই এক্সপ্রেস ট্রেনে গোলযোগ দেখা দেয়। মূলত ব্রেকিং সিস্টেমেই সমস্যা দেখা দিয়েছে বলে জানা গিয়েছে। সকাল ৭টা নাগাদ ওই স্টেশন পার করার কথা ছিল বন্দে ভারতের। খবর পেয়ে রেলের আধিকারিকরা পৌঁছেছেন সেখানে। যান্ত্রিক গোলযোগ সারিয়ে ট্রেনটিকে যত দ্রুত সম্ভব গন্তব্যের উদ্দেশে রওনার ব্যবস্থা করছেন আধিকারিকরা। ট্রেন দাঁড়িয়ে পড়ায় দীর্ঘক্ষণ ধরে বন্ধ রয়েছে রেলগেট। এর জেরেই সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা তৈরি হয়েছে ওই এলাকায়।
