
সুন্দরবন, ২৯ অক্টোবর : শীতের শুরু হতে না হতেই সুন্দরবনের জঙ্গলে ফের দেখা মিলল রয়েল বেঙ্গল টাইগারের। কলকাতা থেকে আসা পর্যটকদের এক দল সুন্দরবন বেড়াতে আসেন বৃহস্পতিবার। যাদবপুর থেকে বেড়াতে আসা ১৭ জনের দলটি শুক্রবার দুপুরে বাঘের দেখা পান সুন্দরবনের দোবাঁকির জঙ্গলে। লঞ্চে করে ভ্রমণের সময় দু'টি বাঘকে নদীর চরে দেখতে পান তাঁরা। সেই ছবি ক্যামেরাবন্দি করেন পর্যটক। গত বছর শীতের মরশুমে একাধিক বার একাধিক জঙ্গলে দক্ষিণ রায়ের দেখা মেলে। শীতের আমেজ আসতে না আসতেই আবারও রয়েল বেঙ্গল দর্শন পেলেন পর্যটকরা। এবার বাড়তি পাওনা একসঙ্গে জোড়া বাঘের দর্শন। নদীর চরে দুই বাঘের লড়াই চলে দীর্ঘক্ষণ। সেই ছবিই ক্যামেরা বন্দি করেন পর্যটকরা।
