
আসানসোল, ১১ অক্টোবর : আসানসোলে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক প্রৌঢ়। অজ্ঞাতপরিচয় দুইদুষ্কৃতী বছর পঞ্চান্নর শম্ভুনাথ মিশ্র নামের এক ব্যক্তির মাথায় এবং কোমরে গুলি চালিয়ে চম্পট দেয়। জখম অবস্থায় শম্ভুনাথকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে আসানসোলের কুলটি থানা এলাকার চিনাকুড়ি তিন নম্বর মোড়ের একটি দোকানে দাঁড়িয়েছিলেন শম্ভুনাথ। সেই সময় হঠাৎই দু’জন দুষ্কৃতী পিছন থেকে গুলি করে তাঁকে। রাস্তাতেই লুটিয়ে পড়েন শম্ভুনাথ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, মোট ছ’রাউন্ড গুলি চলেছে। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। হাসপাতালের তরফে জানানো হয়েছে, মৃতের মাথায় এবং কোমরে গুলি লেগেছিল। দুই দুষ্কৃতীকে খুঁজছে পুলিশ।
