
বারাকপুর, ১৬ মার্চ : নিয়োগ দুর্নীতির মামলায় দলের মহাসচিব তথা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করার পর সম্প্রতি দুই যুবনেতা কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও দল থেকে বহিস্কার করেছে তৃণমূল কংগ্রেস। এবার আর্থিক দুর্নীতি এবং দলবিরোধী কাজের জন্য পানিহাটির তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সোমনাথ ভট্টাচার্যকে দল থেকে বহিষ্কার করা হল।
তৃণমূল সূত্রের খবর, সম্প্রতি সোমনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। পানিহাটি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সোমনাথ। তাঁর বিরুদ্ধে আবাস যোজনায় ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগও রয়েছে। এমনকি দলের রাজ্য অফিসে অভিযোগ জমা পড়ে। দলের তরফে তদন্তে শুরু হলে দেখা যায়, অনৈতিক একাধিক কাজের সঙ্গে জড়িত সোমনাথ ভট্টাচার্য। তাই সিদ্ধান্ত নিতে আর দেরি করেনি রাজ্যের শাসকদল। তাঁকে দল থেকে বহিস্কারের কথা জানিয়ে দেওয়া হয়।
সূত্রের খবর, পানিহাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সোমনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ ইতিমধ্যেই জমা পড়েছে। আর সেইসব অভিযোগ খতিয়ে দেখে কড়া পদক্ষেপ নেওয়া হল দলের তরফ থেকে। জানা গিয়েছে, সোমনাথ ভট্টাচার্যকে শুধুমাত্র দল থেকে বহিষ্কার নয় পানিহাটি পুরসভার চাকরি থেকেও বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।
