সিঙ্গুর(হুগলি), ২২ এপ্রিল : শুক্রবার গভীর রাতে সিঙ্গুরে উদ্ধার লক্ষাধিক টাকার গাঁজা। এই ঘটনায় গ্রেফতার ৩ পাচারকারী। বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করে সিঙ্গুর থানার পুলিশ।
জানা গিয়েছে, গাড়িটি চণ্ডীতলার আঁইয়া, শিয়াখালা, বনমালীপুর, বাসুবাটি হয়ে যখন সিঙ্গুরে ঢোকে তখনই সেটিকে আটক করে তল্লাশি শুরু করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি শুরু করে পুলিশ। সন্দেহ হওয়ায় গাড়িটিকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। গাড়িতে থাকা তিনজনের কথায় অসংগতি ধরা পড়ে। এরপরই গাড়িটিতে তল্লাশি শুরু করে পুলিশ। তারপরই তাতে প্লাস্টিকে মোড়া ৮৭ প্যাকেট গাঁজা উদ্ধার হয়। তারা পাচারের উদ্দেশে গাঁজা নিয়ে যাচ্ছিল বলেই পুলিশের প্রাথমিক অনুমান।
উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। জানা গিয়েছে, ধৃতদের বাড়ি ভদ্রেশ্বর ও চন্দননগর এলাকায়। ঘটনায় গাড়িতে থাকা তিনজনকেই গ্ৰেফতার করেছে পুলিশ। শনিবারই তাদের চুঁচুড়া আদালতে তোলা হবে।
