
জলপাইগুড়ি, ৫ সেপ্টেম্বর : ধূপগুড়িতে মঙ্গলবার উপনির্বাচন। শাসক তৃণমূল ও বিরোধী বিজেপি উভয়ের কাছেই কার্যত সম্মানের লড়াই এই উপনির্বাচন। এদিন সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ। কিন্তু তারপরও বিরোধীরা অনেক বুথে কোনও পোলিং এজেন্ট দিতে পারে নি বলে বিরোধীদের দাবি। আর এ নিয়েই কটাক্ষ করেছে তৃণমূল।
খট্টিমারি এফডি প্রাথমিক বিদ্যালয় বুথ নং ১৫/৪৬ । মোট ভোটার সংখ্যা ৩৭৭ জন। মহিলা ভোটার রয়েছে ১৮৭। পুরুষ ভোটার – ১৯০ জন। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ভোটদাতারা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনে এই বুথ থেকে সিপিএম জয়লাভ করে। তারপর সিপিএম থেকে জয়ী প্রার্থী ফাগু ওরাও দলবল নিয়ে তৃণমূলে যোগ দিতেই বিরোধী শূন্য হয়ে যায় এই বুথ। পঞ্চায়েত নির্বাচনেও বিজেপি এই বুথে কোন রকম প্রার্থী দিতে পারেনি।
জলপাইগুড়ি জেলা তৃণমূলের জেলা সম্পাদক রাজেশ কুমার সিং ওরফে গুড্ডু সিং জানান, মানুষ উন্নয়নের সঙ্গে আছে এটাই প্রমাণ। এই এলাকার বিরোধী পঞ্চায়েত সহ সকলেই তৃণমূলে যোগদান করেছে। কেন্দ্রীয় বাহিনী আরও কয়েক কোম্পানি বাড়িয়ে দিলেও আমাদের কোনও আপত্তি নেই। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং মহকুমার পক্ষেই এবারের ভোট দেবেন। বন বস্তি বাসিন্দারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন আগামীতেও থাকবেন।
