
হলদিবাড়ি, ২০ এপ্রিল : জলপাইগুড়িতে খেলতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হয় এক শিশুর । বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন বাংলাদেশ সীমান্তবর্তী বনগ্রাম গ্রামে। মাটি চাপা পড়ে মৃত নাবালকের নাম জয় রায় (১২) । ঘটনা ঘিরে শোকের ছায়া নেমেছে এলাকায় ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে উন্মুক্ত সীমান্তের কাছে ছয়জন শিশুর একটি দল লুকোচুরি খেলছিল। খেলা চলাকালীন জয় রায় ও নয়ন রায় দুজনে মিলে এলাকার বালাশ্বরী ফুটবল মাঠের গর্তে ঢুকে লুকিয়ে পড়ে। তাতেই বিপত্তি ঘটে হঠাৎ মাটির চাঙর তাদের শরীরের উপর ভেঙে পরে। তাতে দুজনই চাপা পড়ে যায়। তাদের খুঁজতে গিয়ে বিষয়টি নজরে আসে লুকোচুরি খেলার ‘চোর’ রাহুল রায়ের। রাহুলের চিৎকারে পাশের জমি থেকে সুব্রত রায় ছুটে এসে মাটির নীচ থেকে দুই শিশুকে উদ্ধার করে। হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে জয়কে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ঘটনার তদন্ত শুরু করেছে মানিকগঞ্জ আউট পোস্টের পুলিশ
