
কলকাতা, ৮ সেপ্টেম্বরঃ উত্তরবঙ্গের আরও একটি আসন জিতে নিল তৃণমূল শিবির। ২১-এ যখন সবুজ তৃণমূলের বিজয় রথ তুঙ্গে তার মাঝে ধূপগুড়ি হারিয়েছিল শাসক শিবির। দুবছর যেতে না যেতেই আবার পুনরুত্থান। সেই জায়গায় আবার জয়ী শাসক শিবির। এই ঘটনায় উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী জানান, 'এটা বাংলার মাটি, বাংলার জলের জয়। এই জয় ঐতিহাসিক জয়। আমি ধুপগুড়ির মানুষকে অভিনন্দন জানাচ্ছি। চা বাগান থেকে রাজবংশী সবাই যেভাবে তৃণমূলকে সমর্থন করেছেন। লোকসভায় BJPর ওই আসনে প্রায় ১৯ হাজার লিড ছিল । BJP-র ওটা একটা শক্ত ঘাঁটি ছিল। সামান্য উপনির্বাচনের জন্যে BJP-র মন্ত্রীরা সব ওখানে পড়েছিলেন। একটাও হোটেল খালি ছিল না। সেখান থেকে এটা উত্তরবঙ্গের বড় জয়। উত্তরবঙ্গের মানুষেরা আমাদের সঙ্গেই আছেন। দার্জিলিং থেকে কোচবিহার, আলিপুরদুয়ার থেকে দিনাজপুর সব জায়গায় শুধুই তৃণমূল।' তাঁকে ভিকট্রি সাইন দেখাতে অনুরোধ করা হলে, সাংবাদিকদের বলেন, 'ওটা পরের জন্য তোলা থাক।'
এছাড়াও টুইটে মুখ্যমন্ত্রী জানান, 'বিধানসভার গুরুত্বপূর্ণ উপনির্বাচনে ধূপগুড়ির মানুষ আমাদের উপর বিশ্বাস রেখেছেন এবং আমাদের সমর্থনে তাঁদের জনাদেশ দিয়েছেন - সেজন্য আমি তাঁদের আন্তরিক ধন্যবাদ জানাই। উত্তরবঙ্গের মানুষ আমাদের সঙ্গে আছেন এবং মা-মাটি-মানুষের সরকার যেভাবে উন্নয়ন, সামাজিক কল্যাণ এবং ক্ষমতায়নের সমন্বয় ঘটাচ্ছেন তাতে বিশ্বাস করেন। বাংলা তার মত জানালো এবং শীঘ্রই গোটা দেশও তার পছন্দ জানিয়ে দেবে। জয় বাংলা! জয় INDIA!'
