West Bengal

3 years ago

Sudipta Sen : চিট ফান্ড মামলায় জামিন পেলেন সুদীপ্ত সেন়

Sudipta Sen
Sudipta Sen

 

জলপাইগুড়ি : চিট ফান্ড সংক্রান্ত মামলায় জামিন পেলেন সারদা কর্তা সুদীপ্ত সেন। জলপাইগুড়ি জেলা আদালতে ৪ টি মামলার মধ্যে ৩ টি ছিল ভক্তিনগর থানার, একটি জলপাইগুড়ি কোতোয়ালি থানার। বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে উঠেছিল এই ৪টি মামলা। এর মধ্যে ৩টি মামলায় জামিন পেলেন ভুয়ো অর্থলগ্নি সংস্থা সংক্রান্ত কেলেঙ্কারিতে অভিযুক্ত সুদীপ্ত সেন। অন্য ১টি মামলা, যেটি ভক্তিনগর থানার মামলা ছিল, সেটি আলিপুর সিবিআই আদালতে স্থানান্তরিত হল বলে জানিয়েছেন সুদীপ্ত সেনের আইনজীবী শাক্যদীপ দাশগুপ্ত। যে তিনটি মামলায় জামিন দেওয়া হয়েছে, সেগুলিতে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪০৬ ও ১২০ (বি) ধারায় অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত, সারদা চিটফান্ড কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত সুদীপ্ত সেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার মধ্যে চারটি মামলা ছিল জলপাইগুড়ি জেলা আদালতে। সেই চারটি মামলার মধ্যে একটি সিবিআই এবং বাকি তিনটি পুলিশ তদন্ত করছে। যে মামলাটিতে সিবিআই তদন্ত করছে, সেটির চার্জশিট ইতিমধ্যেই পেশ করা হয়েছে এবং সেই মামলাটি আলিপুরে বিশেষ সিবিআই আদালতে স্থানান্তরিত করা হয়েছে জলপাইগুড়ি আদালত থেকে। বাকি তিনটি মামলায় জামিন পেয়েছেন তিনি।

সুদীপ্ত সেনের আইনজীবী জানাচ্ছেন, যে চারটি মামলা ছিল জলপাইগুড়ি আদালতে, সেগুলির মধ্যে সবক’টিতেই নাম রয়েছে দেবযানীর। এর পাশাপাশি কোনও মামলায় কুণাল ঘোষ, সোমনাথ দত্তের নামও রয়েছে, যদিও তাঁদের এই মামলাগুলিতে আগেই জামিন হয়ে গিয়েছে বলে জানান আইনজীবী শাক্যদীপ দাশগুপ্ত। এদিন আদালতে সুদীপ্ত সেন ছাড়া বাকিদেরও আইনজীবীরা উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন সরকারি আইনজীবী মৃণ্ময় বন্দ্যোপাধ্যায়।


You might also like!