বক্সিরহাট, ২৫ সেপ্টেম্বর : কোচবিহারের তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের আটিয়ামোচড় বিট অফিস থেকে চুরি যাওয়া সেগুন কাঠের গুড়ি বাজেয়াপ্ত করল পুলিশ। রবিবার রাতে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এক ব্যক্তির বাড়ির উঠোনের মাটি খুঁড়ে খোয়া যাওয়া সেগুন কাঠের গুড়ি উদ্ধার করে বক্সিরহাট থানার পুলিশ। কাঠ চুরির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, বন জঙ্গলের মূল্যবান গাছ চুরি করে পাচারের পথে অভিযান চালিয়ে অবৈধ কাঠ বাজেয়াপ্ত করে বন দফতর। পরে উদ্ধার হওয়া ওই কাঠের গুড়ি মজুত রাখা হয় ওই বিট অফিসে। বন দফতর সূত্রে খবর, গত বুধবার রাতে লোডশেডিং-এর সুযোগে আটিয়ামোচড় বিট অফিস থেকে খোয়া যায় ১৫টি সেগুন কাঠের গুড়ি। পরে কাঠ চুরির বিষয়টি প্রকাশ্যে আসতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আটিয়ামোচড় বিটের ভারপ্রাপ্ত আধিকারিক। থানায় লিখিত অভিযোগ জানানোর পাশাপাশি চুরি যাওয়া কাঠের খোঁজে তদন্ত শুরু করে বন দফত। পরে অভিযান চালিয়ে পাশের ধান খেত ও চাষের জমি থেকে ১০টি সেগুন কাঠের গুড়ি উদ্ধার করে বন দফতর। অপরদিকে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে আলিপুর জেলার কামাখ্যাগুড়ি ফাঁড়ির অন্তর্গত বাংলা চৌপথি সংলগ্ন একটি বাড়িতে হানা দেয় বক্সিরহাট থানার পুলিশ। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর ওই বাড়ির উঠোনের মাটি খুঁড়ে উদ্ধার হয় ওই খোয়া যাওয়া বাকি পাঁচটি সেগুন কাঠের গুড়ি। বন দফতর থেকে কাঠ চুরির অভিযোগে কুনীল রাভা নামে ওই বাড়ির মালিকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হওয়া কাঠগুলি থানায় নিয়ে আসা হয়েছে। বন বিভাগ থেকে কাঠ চুরির সঙ্গে বড় চক্র জড়িয়ে রয়েছে বলেও প্রাথমিক অনুমান পুলিশকর্মীদের।
