
গুয়াহাটি : অসমে বিজেপির দুই বরিষ্ঠ নেতা প্ৰাক্তন কেন্দ্ৰীয় মন্ত্ৰী তথা দলের প্রাক্তন প্ৰদেশ সভাপতি রাজেন গোহাঁই এবং রাজ্যের প্রাক্তন পরিষদীয় মন্ত্রী তথা দলের প্রাক্তন প্ৰদেশ সভাপতি সিদ্ধাৰ্থ ভট্টাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ প্ৰদৰ্শন করে দল থেকে বহিষ্কৃত হয়েছেন সোমেন্দ্ৰনাথ ডেকা নামের এক সদস্য।
গুয়াহাটির মঠঘরিয়ায় নিজের ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে চারবারের সাংসদ রাজেন গোহাঁই এবংসিদ্ধার্থ ভট্টাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলও করেছেন সোমেন্দ্রনাথ ডেকা। দিয়েছেন তাঁদের বিরুদ্ধে মুর্দাবাদ এবং মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার নামে জয়ধ্বনি। কেবল তা-ই নয়, তিনি উপস্থিত সাংবাদিকদের সামনে অন ক্যামেরা ওই দুই প্রবীণ নেতা, যাঁরা দলকে শূন্য থেকে আজকের এই পর্যায়ে আনতে মাথার ঘাম পায়ে ফেলেছেন তাঁদের বিরুদ্ধে গলার শিরা ফুলিয়ে কুরুচিকর মন্তব্যও করেছেন।
দলবল নিয়ে এ ধরনের ঘটনা সংগঠিত করে দলবিরোধী কাজ করেছেন অভিযোগ করে অসম প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তি জারি করে সোমেন্দ্রনাথ ডেকাকে দল থেকে বরখাস্ত করেছেন। বিজ্ঞপ্তিতে আরও লেখা হয়েছে, সোমেন্দ্রনাথ ডেকা বিজেপির সম্মানীয় প্রবীণ পোড়খাওয়া নেতৃত্বের বিরুদ্ধে ধরনা-বিক্ষোভ প্রদর্শন করেছেন, যা অক্ষমনীয় অপরাধ।
ভারতীয় জনতা পার্টির অসম প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক দিপ্লুরঞ্জন শর্মা স্বাক্ষরিত বহিষ্কৃত ডেকার উদ্দেশ্যে লেখা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ভারতীয় জনতা পার্টির জ্যেষ্ঠ নেতৃত্বের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রকাশ্য স্থানে ধরনা প্রদর্শন করে দল বিরোধী কার্যকলাপে লিপ্ত হওয়া ছাড়াও দলীয় অনুশাসন ভঙ্গ করার গুরুতর অভিযোগর ভিত্তিতে অসম প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা আপনাকে তাৎক্ষণিকভাবে ভারতীয় জনতা পার্টি থেকে নিলম্বন করেছেন।’ বহিষ্কার সংক্রান্ত এই বিজ্ঞপ্তির প্রতিলিপি অসম প্রদেশ সাংগঠনিক সাধারণ সম্পাদক জিআর রবীন্দ্র রাজুকে এবং সংশ্লিষ্ট সকলের কাছে পাঠিয়েছেন দিপ্লুরঞ্জন শর্মা।
দিন কয়েক আগে অসমে নব্য-বিজেপিদের কাজকর্মে অন্তোষ ব্যক্ত করেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, চারবারের সাংসদ রাজেন গোঁহাই এবং রাজ্যের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য। উভয়েই বহুদিন অসম প্রদেশ বিজেপির সভাপতি ছিলেন। সিদ্ধার্থ ভট্টাচার্যের আমলেই ১৫ বছরের শাসক কংগ্রেসকে পরাজিত করে অসমে ক্ষমতায় আসে বিজেপি।
