উত্তর ২৪ পরগনা, ১৯ অক্টোবর : চতুর্থীর রাতেই চলল গুলি। ছিনতাইয়ে বাধা দেওয়ায় এক ব্যবসায়ীকে গুলি চালিয়ে আহত করে পালাল দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর ঘটনা উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানা এলাকায়। পুজোর মাঝেই ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর, ব্যবসার টাকা সংগ্রহ করে ফেরার পথে ব্যবসায়ীকে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের চেষ্টা করা হয়। ঘটনাটি ঘটে হাবরা থানার বনবিবি তলা গ্যাস গোডাউনের সামনে। বুধবার রাতে ফিরতি পথে ব্যবসায়ীর ভ্যানটিকে দাঁড় করানোর চেষ্টা করা হয়। দাঁড়ালেই টাকা ভর্তি ব্যাগে টান দেন দুষ্কৃতীরা।
তখনই ভ্যানচালক ভ্যানের গতি বাড়িয়ে দিলে বাধাপ্রাপ্ত হয়ে দুষ্কৃতীরা গুলি চালায়। সেই গুলি গিয়ে লাগে ব্যবসায়ী স্বপন কুমার সাহার পায়ে। ওই ব্যবসায়ী বাগজোলা থেকে হাবরার আক্রমপুর মহাপ্রভু সরিনী এলাকায় নিজের বাড়িতে ফিরছিলেন। মাঝপথেই বনবিবি তলায় এলাকায় ঘটে এই দুর্ঘটনা।
ছিনতাইবাজের গুলিতে গুরুতর আহত হন ওই ব্যবসায়ী। গুলি চালনার আওয়াজ শুনে আশেপাশের স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। স্থানীয়রা আহত ব্যবসায়ীকে উদ্ধার করে হাবরা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রোগীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে হাবরা থানার পুলিশ।
