
ভাটপাড়া, ২৪ অক্টোবর : ফের অশান্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনা জেলার ভাটপাড়া। আবারও চলল গুলি। এবার কালীপুজোর প্যান্ডেলে গুলিবিদ্ধ হলেন স্থানীয় এক যুব তৃণমূল কংগ্রেস নেতা। রবিবার রাতে তৃণমূল নেতাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চলে ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের একটি পুজো মণ্ডপে। হাসপাতালে চিকিৎসাধীন ওই নেতা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তিনসুতিয়া লাইন এলাকায় যুব তৃণমূল নেতা রাজ পাণ্ডকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। রবিবার রাতে এলাকার কালীপুজোর মণ্ডপে বসে আড্ডা দিচ্ছিলেন রাজ। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, হঠাৎ ৩টি মোটরবাইক মণ্ডপের সামনে এসে দাঁড়ায়। এর পর শুরু হয় এলোপাথাড়ি গোলাগুলি। পুলিশ সূত্রে খবর, মোট ৬ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি চালাতে চালাতেই দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয়।
