
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বিধাননগরের বিধায়ক ও স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. শারদ্বত মুখোপাধ্যায়ের নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নিউটাউনের রাম মন্দিরে পুজোয় যোগ দিয়ে তিনি এই ঘোষণা করেন। যদিও মন্ত্রিসভার দপ্তর বণ্টনের আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি, তবে আজই সেই প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে বলে সূত্রের খবর। স্বাস্থ্যক্ষেত্রের অভিজ্ঞ একজন বিশেষজ্ঞকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
২৩ বছরেরও বেশি সময় চিকিৎসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ হিসাবে চিকিৎসকমহলে পরিচিত তিনি। ছাব্বিশের নির্বাচনী যুদ্ধে বিধাননগর আসন থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন। হারান তৃণমূলের হেভিওয়েট প্রার্থী তথা প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে। তখনই কার্যত ঠিক হয়ে যায় তিনি মন্ত্রীত্ব পাচ্ছেন। তারপর পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নেন। তবে কোন দপ্তর পাবেন তা নিয়ে আলোচনা চলছিল। স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসাবে তাঁকে অগ্রাধিকার দিল বিজেপি। পেলেন স্বাস্থ্যমন্ত্রীর দপ্তর। বিশেষ সাক্ষাৎকারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “স্বাস্থ্যদপ্তরে ঘুঘুর বাসা ভাঙা হবে। কোনও বেনিয়ম বরদাস্ত করা হবে না। নিয়োগ ও অন্যান্য যা দুর্নীতির অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”
বুধবার নিউটাউনের রাম মন্দিরে যজ্ঞ ও পুজো অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকেই তিনি রাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ডা. শারদ্বত মুখোপাধ্যায়ের নাম ঘোষণা করেন। বিধাননগরের বিধায়ক ও স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে পরিচিত শারদ্বত মুখোপাধ্যায়ের অভিজ্ঞতা স্বাস্থ্য দপ্তরের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে এই সিদ্ধান্ত ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা প্রশাসনিক মহলের একাংশের।
