
কলকাতা, ১২ জুন : সই জাল কাণ্ডে দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেল ৫টা ৫০ মিনিট নাগাদ তিনি আলিপুরের ভবানী ভবনে প্রবেশ করেন। তদন্তকারীদের ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে যখন তিনি সেখান থেকে বেরোন, তখন ঘড়ির কাঁটায় রাত ১১টা ৩০ মিনিট। ভবানী ভবনে ঢোকা বা বেরোনোর সময় সংবাদমাধ্যমে কোনও মন্তব্য করেননি তিনি। আগামী রবিবার তাঁকে ফের হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন তদন্তকারীরা। জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ভবানী ভবন থেকে বেরিয়েই সোজা কালীঘাটে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চলে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলেই দিল্লি থেকে কলকাতায় ফেরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেল ৪টে ২০ মিনিট নাগাদ তাঁর বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে সরাসরি কালীঘাটের বাড়িতে যান তিনি। সেখানে অল্প সময় কাটিয়ে বাড়ি থেকে বের হন এবং নির্ধারিত সময়ের কিছুটা আগেই ভবানী ভবনে পৌঁছে যান। রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুনরায় তলব করেছেন তদন্তকারীরা।
