West Bengal

3 years ago

Shantanu Banerjee :দল থেকে বহিষ্কারের পর এবার চাকরি থেকেও সাসপেন্ড শান্তনু বন্দ্যোপাধ্যায়

Shantanu Banerje2
Shantanu Banerje2

 

কলকাতা, ১৫ মার্চ  : আরও বিপাকে নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়। দল থেকে বহিষ্কারের পর এবার চাকরি থেকেও সাসপেন্ড প্রাক্তন তৃণমূল যুব নেতা। হুগলির মগরার সন্ধ্যাবাজারের বিদ্যুৎ দফতরে কাজ করতেন তিনি। বুধবার রাজ্য বিদ্যুৎ দফতরের তরফ থেকে নোটিস দিয়ে তাঁকে সাসপেন্ড করার কথা জানানো হয়েছে। সাসপেনশনের পরই শুরু হবে বিভাগীয় তদন্ত। নিয়ম অনুযায়ী, কোনও সরকারি কর্মী ৭২ ঘণ্টার বেশি পুলিশ হেফাজতে থাকলে তাঁকে সাসপেন্ড করা হয়। সেই নিয়ম মেনেই সাসপেন্ড করা হয়েছে শান্তনুকে।

জানা গিয়েছে, কর্মরত অবস্থায় বাবার মৃত্যুর পর বিদ্যুৎ দফতরে চাকরি পেয়েছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। এরপর ২০১৮ সালে তারকেশ্বর থেকে জেলা পরিষদের প্রার্থী হয়ে জয়ী হন শান্তনু। তারপরও চাকরি করতেন বিদ্যুৎ দফতরে। শান্তনুর সেই সরকারি চাকরি নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্নও তুলেছেন বিরোধীরা। এবার সেই চাকরি থেকেই সাসপেন্ড করা হল তাঁকে।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি শান্তনুর বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তল্লাশিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করে ইডি। মোট সাতবার তাঁকে তলব করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা। সেই মতো হাজিরা দেন শান্তনু। গত ১০ মার্চ সপ্তমবার সিজিও কমপ্লেক্সে যান। বেলা ১১টা ৪৪ মিনিট নাগাদ পৌঁছন। সূত্রের খবর, বেলা ১২টা থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ। টানা প্রায় সাতঘণ্টা জেরা করা হয় তাঁকে। বয়ানে অসংগতির অভিযোগে শেষমেশ ওইদিন সন্ধেয় তাঁকে গ্রেফতার করে ইডি। গ্রেফতারির পর মঙ্গলবার তাঁকে বহিষ্কার করে তৃণমূল। তার চব্বিশ ঘণ্টার মধ্যে বুধবার চাকরিও হারালেন নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন যুব তৃণমূল নেতা।

You might also like!