
পুরুলিয়া, ১৯ এপ্রিল : গরম পড়তেই জলকষ্ট বাড়ছে। একদিকে পানীয় জলের রাস্তাও বেহাল। পানীয় জলের দাবিতে বুধবার সাত সকালেই পুরুলিয়া-রাঁচি রাজ্য সড়ক অবরোধ হল ঝালদা শহরে।
পুরুলিয়ার পৌর এলাকার ২ ও ১১ নম্বর ওয়ার্ডে প্রায় ১০০ জন মহিলা খালি বালতি, হাঁড়ি, কলসি নিয়ে রাস্তায় বসে পড়েন। এই অবরোধের ফলে ব্যাহত হয় পুরুলিয়া-রাঁচি রাজ্য সড়কে যান চলাচল।
অবরোধকারীদের অভিযোগ, বেশ কয়েক বছর ধরে এই পানীয় জলের সমস্যা দেখা রয়েছে। স্থানীয় কাউন্সিলরকে বার বার বলেও কোনও সুরাহা হয়নি। জানানো হয়েছিল পুরপ্রধানকেও। কিন্তু কোনও সমস্যার সমাধান হয়নি। এই সময় পুরুলিয়ার বেশ কয়েকটি জায়গায় জলের স্তর তলানিতে গিয়ে থেকে যার কারণে সমস্যায় পড়তে হয় স্থানীয় মানুষদের। এমনকী নলকূপগুলি থেকেও জল ওঠে না। বেশ কয়েকদিন আগে থেকে বিশেষ এক পদ্ধতির মাধ্যমে পানীয় জলের সমস্যার সমাধান করার চেষ্টা করা হলেও কাজ হয়নি।
বুধবার দিন সকাল ৬টা থেকে রাস্তা অবরোধ করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, আমাদের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত এই অবরোধ চলবে। প্রায় আড়াই ঘন্টা ধরে চলে পথ অবরোধ। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ। অবরোধের জেরে রাজ্য সড়কে যাত্রীবাহী বাস স্তব্ধ হয়ে যায়।
