
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার কালিয়াগঞ্জ থানায় আগুন ধরিয়ে দেওয়ার পর উন্মত্ত জনতার হাত থেকে বাঁচতে স্থানীয় একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন জনা কয়েক পুলিশকর্মী, কিন্তু সেখানেও ঢুকে পড়ে ওই জনতা। তার পর চলে মারধর। হাতজোড় করেও রক্ষা পাননি পুলিশকর্মীরা। বেশ কয়েক জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে সূত্রের খবর।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন প্রাণ বাঁচাতে তাঁদের বাড়িতে ঢুকে পড়েছিলে কয়েক জন পুলিশকর্মী। কিন্তু তাঁদের পিছু পিছু ঘরে ঢুকে পড়েন কয়েক জন। ভয়ের চোটে ঘরে থাকা একটি খাটের নীচে লুকিয়ে পড়েছিলেন পুলিশকর্মীরা। কিন্তু ওই ঘরে ঢুকে টেনেহিঁচড়ে বের করে লাঠি চালানো হয় তাঁদের উপর।
জখম পুলিশকর্মীদের ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। উল্লেখ্য, এক নাবালিকাকে ধর্ষণ এবং খুনের অভিযোগে গত কয়েক দিন ধরেই উত্তপ্ত কালিয়াগঞ্জ থানা এলাকা। মঙ্গলবার বিরোধী রাজনৈতিক দল এবং বিভিন্ন আদিবাসী সংগঠন ওই অপরাধের ঘটনার প্রতিবাদে শামিল হয়। থানার সামনেও বিক্ষোভ প্রদর্শন হয়। তার পর দুপুরে শুরু হয় অশান্তি। কালিয়াগঞ্জে পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ছোড়ার অভিযোগ ওঠে। আগুন লাগিয়ে দেওয়া হয় থানার সামনে। পুড়ে যায় থানার একাংশ। পরে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। উল্লেখ্য, এ দিন সন্ধ্যার পর ভাইরাল হয়েছে পুলিশকে মারধরের এই ভিডিওটি, তবে এর সত্যতা যাচাই করিনি আমরা।
