
জলপাইগুড়ি, ৩০ জুন (হি. স.) : উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের কয়েক জেলাতেও ব্যাপক বৃষ্টিপাত হবে। বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আগামী কয়েকদিন অতি ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের তিন জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ৭০-২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ১০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় দার্জিলিং ও কালিম্পংয়ের বেশ কিছু এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। জলস্তর বাড়বে তিস্তা, তোর্সা, জলঢাকা, সংকোষের মতো উত্তরবঙ্গের নদীগুলিতে। প্রবল বৃষ্টির জেরে পার্বত্য এলাকায় কমে যেতে পারে দৃশ্যমানতা। প্লাবিত হতে পারে উত্তরবঙ্গের নিচু এলাকা।
