
গুয়াহাটি : অত্যাবশ্যকীয় ও অন্যান্য সামগ্রীর সরবরাহ বহাল রাখতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে পণ্য আনলোডিঙের ক্ষেত্রে ধারাবাহিকভাবে বৃদ্ধি পঞ্জীয়ন করে আসছে। এই বছরের আগস্ট মাসে ১২০৪টি পণ্যবাহী রেক আনলোড করা হয়েছে। ২০২৩-এর এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত এই অর্থবর্ষে ৫৬৫১টি পণ্যবাহী রেক উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের অধীনে আনলোড করা হয়েছে।
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এফসিআই চাল, চিনি, লবণ, খাদ্য উপযোগী তেল, সার, সিমেন্ট, কয়লা, অটোমোবাইল, কনটেইনারের মতো পণ্যসামগ্রী ও অন্যান্য সামগ্রী সংশ্লিষ্ট মাসে পরিবহণ করেছে এবং নিজস্ব অধিক্ষেত্রের অধীনে বিভিন্ন গুডস শেডে সেগুলি আনলোড করেছে।
আগস্ট, ২০২৩ সময়সীমার মধ্যে অসমে পণ্যবাহী ট্রেনের ৬৮০টি রেক আনলোড করা হয়েছে, যার মধ্যে ৩৩২টি রেকে অত্যাবশ্যকীয় সামগ্রী লোড ছিল। সংশ্লিষ্ট মাসে ত্রিপুরায় ৯৮টি রেক, নাগাল্যান্ডে ১৯টি রেক, মণিপুরে ১০টি রেক, অরুণাচল প্রদেশে ৮টি রেক, মিজোরামে ৩টি রেক ও মেঘালয়ে ০১টি রেক আনলোড করা হয়। এছাড়াও, সংশ্লিষ্ট মাসে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের মধ্যে পশ্চিমবঙ্গে ২১৮টি পণ্য রেক ও বিহারে ১৬৭টি পণ্য রেক আনলোড করা হয়েছিল।
অত্যাবশ্যকীয় ও অন্যান্য পণ্য সামগ্রী শুধুমাত্র সাধারণ মানুষের প্রয়োজনীয় চাহিদা পূরণের জন্য নয়, বরং তার পাশাপাশি সমগ্র অঞ্চলের অর্থনৈতিক কার্যকলাপকে সক্রিয় রাখতেও নিয়মিত পরিবহণ করা হচ্ছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের গুরুত্বপূর্ণ সেকশনগুলিতে দ্বৈতকরণের কাজ দ্রুতগতিতে পরিচালনা করা হচ্ছে যার ফলে পণ্যবাহী ট্রাফিকের অন্তর্মুখী ও বহির্মুখী চলাচলও বৃদ্ধি পেয়েছে।
