
কোচবিহার, ১৮ জুলাই: সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করতে চান রাজ্যসভার নয়া বিজেপি সাংসদ নগেন্দ্র রায় (অনন্ত মহারাজ)। মঙ্গলবার পদাতিক এক্সপ্রেসে চেপে নিউ কোচবিহার স্টেশনে নেমে এমনটাই জানান তিনি । এদিন বেলা ১২টা ১৫ নাগাদ নিউ কোচবিহার স্টেশনে এসে পৌঁছোন তিনি। সেখানে জেলা বিজেপির পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়। সেই সঙ্গে দি গ্রেটার কোচবিহার পিপল অ্যাসোসিয়েশনের নারায়ণী সেনারাও উপস্থিত ছিলেন। তাঁরা স্টেশন থেকে ব্যারিকেড করে অনন্ত মহারাজকে নিয়ে আসেন।
ফুলমালা দিয়ে গ্রেটারের তরফেও তাঁকে স্বাগত জানানো হয়। পৃথক রাজ্য প্রসঙ্গে নগেন্দ্রকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করব।’ তাঁকে সাংসদ করায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যসভার সাংসদ।
