
চোপড়া, ২৫ জুলাই: সোমবার রাতের অন্ধকারে উত্তর দিনাজপুরের চোপড়া থানার কুমারটোল এলাকায় চা গাছ নষ্টের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেখানে রাতের অন্ধকারে এক ক্ষুদ্র চা চাষির বাগানের কয়েক হাজার চা গাছ কেটে ফেলার পাশাপাশি উপড়ে ফেলা হয় বলে অভিযোগ। কেউ বা কারা আক্রোশের বশে এই কাজ করেছে বলে অনুমান স্থানীয়দের।
বাগান মালিক রৌশন আলি মঙ্গলবার চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রৌশনের অভিযোগ, এক বিঘা জমির চা গাছ দুষ্কৃতীরা কেটে-উপড়ে নষ্ট করেছে। পাশাপাশি বাগান থেকে অন্য গাছের চারা তুলে তা স্থানীয় ডোক নদীতে ভাসিয়ে দেওয়া দিয়েছে। মঙ্গলবার সকালে বিষয়টি নজরে আসতেই পুলিশের কাছে অভিযোগ জমা করেন তিনি।
