
কলকাতা: এনডিএ এবং বিরোধী ‘ইণ্ডিয়া’-র ঠাণ্ডা লড়াই অব্যাহত। এই সম্পর্কে ফাটল ধরেছে বাংলার হাত শিবিরে। এই প্রেক্ষাপটে এবার হাই কমান্ডের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী।
‘দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তি’। তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্পর্ক এখন খানিকটা এমনই। বিজেপিকে হারাতে ‘বৃহত্তর স্বার্থে’ আপাতত ঘাসফুল শিবিরের সঙ্গে সমঝোতা মেনে নিয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরী। এই অবস্থা সত্বেও সোমবার নিজের ফেসবুক পেজে কৌস্তভ এই বিতর্কিত মন্তব্য করেন।
তিনি লেখেন, ‘পুকুর, নদী বুঝিনা। দিল্লির স্বার্থে আর গিনিপিগ হতে রাজি না। তৃণমূল আমাদের চোখে চোর ছিল, আছে ও থাকবে। তৃণমূল আমাদের চোখে গণতন্ত্রের হত্যাকারী ছিল, আছে ও থাকবে।’
তাৎপর্যপূর্ণ ভাবে, ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে ইন্ডিয়া জোট তৈরি করেছে বিরোধীরা। ‘রাজনীতির অঙ্ক ও সময়ের দাবি মেনে’ আম আদমি পার্টি ও তৃণমূল কংগ্রেসের মতো ‘প্রতিপক্ষের’ সঙ্গে হাত মিলিয়েছেন সোনিয়া ও রাহুল গান্ধীরা। তবে এর ফলে আঞ্চলিক স্তরে বিদ্রোহের মুখে পড়তে হচ্ছে কংগ্রেসকে।
