
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুভেন্দুকে মাত দিতে এবার কুণালকে আসরে নামাচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল। আসন্ন পঞ্চায়েত ভোট এবং হলদিয়ার পুরনির্বাচনকে পাখির চোখ করে কুণালকে এই ‘বিশেষ অ্যাসাইনমেন্ট’ দেওয়া হল বলে তৃণমূল সূত্রের খবর। রাজ্যসভার এই প্রাক্তন সাংসদের কাজ হবে শুভেন্দুর জেলায় শাসকদলের সংগঠন মজবুত করে ভোটের লড়াইয়ে বিজেপিকে মাত দেওয়া। ১ নভেম্বর থেকেই পূর্ব মেদিনীপুরের দায়িত্ব দেওয়া হয়েছে কুণালকে।
শোনা যাচ্ছে কুনাল বাবু তা কাজের জন্য হলদিয়ায় একটি বাড়িও নিয়েছেন,মঙ্গলবারই তিনি আনুষ্ঠানিক ‘গৃহপ্রবেশ’ করবেন হলদিয়ার সেই বাড়িতে।
প্রসঙ্গত, দুর্গাপুজোর পর থেকে জেলায় জেলায় বিজয়া সম্মিলনীর মোড়কে জনসংযোগের কাজে নেমেছিল তৃণমূল। কুণাল নিজে পূর্ব মেদিনীপুর-সহ রাজ্যের একাধিক জায়গায় সভা করেছেন। যদিও নন্দীগ্রামের জেলায় তাঁর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। দলীয় কোন্দলে বিরক্ত সুফিয়ানের ‘অভিমান’ ভাঙাতে সটান তাঁর বাড়িতেই চলে গিয়েছিলেন কুণাল। সুফিয়ানকে সঙ্গে করেই বিজয়ার অনুষ্ঠানের মঞ্চেও পৌঁছন তিনি। এ ছাড়াও শুভেন্দুর জেলার একাধিক বিজয়ার অনুষ্ঠানে হাজির ছিলেন কুণাল। এ বার সেই জেলার দায়িত্ব দেওয়া হল তাঁকে।
উল্লেখ্য, তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল সারদা-কাণ্ডে জেলে গিয়েছিলেন। সেই সময় তাঁর মুখে দলকে কটাক্ষ করে একাধিক বক্তব্য শোনা গেলেও তিনি দল ছাড়ার কথা বলেননি কোনও দিন। ২০২১ সালের ‘নীলবাড়ির লড়াই’-এর খানিক আগে দলে আবার সক্রিয় হতে দেখা যায় তাঁকে। তৃণমূলের অন্দরের খবর, দলনেত্রী মমতা এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক— দু’জনেরই প্রিয়পাত্র তিনি । এবার দল তারই উপর আস্থা রেখে তার উপর গুরুভার অর্পন করল।
