
কাটোয়া, ২২ অক্টোবর : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে হঠাৎই দেখা দিল চিতাবাঘের আতঙ্ক। শহরেরই পানুহাট ডাঙা এলাকায় অনেকেই একটি বড় বিড়াল সদৃশ একটি জন্তুকে দেখতে পেয়েছেন, এমন খবর মিলেছে। অনেকেই সেই জন্তুটিকে চিতাবাঘ বলেই মনে করছেন। তবে ভাগিরথী নদী তিরবর্তী একটি শহরে চিতাবাঘ কীভাবে এল তা বলতে পারছেন না স্থানীয় মানুষ থেকে বন দফতরের আধিকারিক কেউই। খবর পেয়ে এলাকা জুড়ে তল্লাশি চালিয়েছে পুলিশ ও বন দফতর। যদিও এখনও জন্তুটির কোনও খোঁজ মেলেনি। অনেক প্রত্যক্ষদর্শী আবার জন্তুটির ছবিও ক্যামেরাবন্দি করেছেন। ছবিতেও প্রাথমিকভাবে জন্তুটিকে দেখে চিতাবাঘই মনে হচ্ছে।
