
শিলিগুড়ি, ২৩ আগস্ট : শিলিগুড়ির মাটিগাড়ায় স্কুল ছাত্রী খুনের ঘটনায় উত্তপ্ত এলাকা। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে বৃহস্পতিবার ১২ ঘণ্টা শিলিগুড়ি বনধের ডাক দিল হিন্দু সংগঠন। মঙ্গলবার রাতে অভিযুক্ত সহ আশেপাশের কয়েকটি বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার অভিযোগ উঠেছে বিশ্ব হিন্দু পরিষদের যুব শাখা বজরং দলের দিকে। যদিও তাদের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। বুধবার সকালে বজরং দলের সদস্যরা শহরজুড়ে মিছিল শুরু করেছেন।
জানা গিয়েছে, মাটিগাড়া থানা এলাকা থেকে শুরু করে দার্জিলিং মোড়, মাল্লাগুড়ি হয়ে মিছিল এগোচ্ছে। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশবাহিনী। এদিন ছত্রভঙ্গ করতে পুলিশ মিছিলে লাঠিচার্জ করে। বেশ কয়েকজনকে ঘটনায় আটক করা হয়। প্রসঙ্গত, সোমবার শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে স্কুল ছাত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মেয়েটির পরনে ছিল স্কুলের পোশাক। ওই কিশোরীকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। যদিও ধর্ষণ করে খুনের অভিযোগও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। জানা গিয়েছে, দার্জিলিং মোড় সংলগ্ন একটি নেপালি মাধ্যম স্কুলের পড়ুয়া ছিল কিশোরী। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, সোমবার সাড়ে তিনটে নাগাদ এলাকারই এক পড়ুয়া স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই পরিত্যক্ত বাড়ি থেকে চিৎকারের শব্দ পায়। বাড়ি এসে বিষয়টি সে পরিবারের লোকেদের জানায়। এলাকার লোকজন মিলে পরিত্যক্ত বাড়িটিতে গিয়ে দেখতে পান, মাটিতে পড়ে রয়েছে ওই কিশোরীর রক্তাক্ত দেহ। তড়িঘড়ি খবর দেওয়া হয় মাটিগাড়া থানায়। ঘটনাস্থলে আসেন এসিপি রাজেন ছেত্রী, ডিসিপি অভিষেক গুপ্তা এবং মাটিগাড়া থানার পুলিশকর্মীরা। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ওইদিনই গভীর রাতে শিলিগুড়ি পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম অভিযুক্তকে গ্রেফতার করে। রাতেই তাকে থানায় নিয়ে আসা হয়।
এদিকে অভিযুক্তকে তাঁদের হাতে তুলে দিতে হবে, এই দাবিতে মঙ্গলবার সকাল থেকে শিলিগুড়ি আদালতে আন্দোলনে শামিল হন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। বিকেলে যখন অভিযুক্তকে আদালত থেকে বের করা হচ্ছিল, সেই সময় তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। সংগঠনের সদস্যদের সঙ্গে পুলিশ কর্মীদের ধস্তাধস্তি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পালটা লাঠিচার্জ করে। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় শিলিগুড়ির কোর্টমোড়ে। এরপর রাতে অভিযুক্তের বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে বজরং দলের সদস্যদের বিরুদ্ধে।
