
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃউত্তর-ভারতের অনেক অংশে, বিশেষ করে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব এবং হরিয়ানায় ক্রমাগত খারাপ আবহাওয়া এবং প্রবল বৃষ্টিপাত ওই সব অঞ্চলের স্বাভাবিক ট্রেন পরিষেবাগুলিকে প্রভাবিত করেছে। ফলে রেল যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে উত্তর-ভারতগামী কয়েকটি ট্রেন বাতিল করেছে।
তাছাড়া, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে শ্রাবণী মেলার জন্য কাটিহার ডিভিশনের মুকুরিয়া রেলওয়ে স্টেশনে কয়েকটি ট্রেনের জন্য দু মিনিটের স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যা বাবা গোরখনাথ ধামে তীর্থযাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে সহায়ক হবে।
এক প্রেসবার্তায় বাতিল ট্রেন এবং অস্থায়ী স্টপেজ-এর তথ্য বিশদে দিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে। তিনি জানান, ১৪ জুলাই ডিব্রুগড় থেকে চণ্ডীগড় যাওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১৫৯০৩ ডিব্রুগড়-চণ্ডীগড় এক্সপ্রেস-এর যাত্রা বাতিল করা হয়েছে। এছাড়া বাতিল করা হয়েছে ১৬ জুলাই গুয়াহাটি থেকে উদয়পুর যাওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ০৫৬১৬।
সব্যসাচী দে জানান, তীর্থযাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত ট্রেন নম্বর ১৫৭১৯ কাটিহার-শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস এবং ১৫৭২০ শিলিগুড়ি-কাটিহার ইন্টারসিটি এক্সপ্রেস মুকুরিয়া স্টেশনে যথাক্রমে ০৬:৫১ ঘণ্টা এবং ১৭:১৩ ঘন্টায় পৌঁছাবে ও ০৬:৫৩ ঘন্টা এবং ১৭:১৫ ঘন্টায় ছাড়বে।
তীর্থযাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত ট্রেন নম্বর ১৫৪৬৩ বালুরঘাট-শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস এবং ১৫৪৬৪ শিলিগুড়ি-বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেস মুকুরিয়া স্টেশনে যথাক্রমে ১৫:২৭ ঘণ্টা এবং ১১:০৩ ঘন্টায় পৌঁছাবে ও ১৫:২৯ ঘন্টা এবং ১১:০৫ ঘন্টায় ছাড়বে।
