
কলকাতা, ১২ মার্চ : মহার্ঘভাতার দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, রবিবার বেলা ১১টা নাগাদ রাজভবনে সেই বৈঠক হতে পারে।
উল্লেখ্য, শনিবার রাজ্যপালের তরফে টুইট করে ডিএ আন্দোলনকারীদের অনশন তুলে নেওয়ার আবেদন জানানো হয়। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার জন্য বলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। টুইটে সিভি আনন্দ বোস লেখেন, ‘রাজ্যপাল গভীর ভাবে ব্যথিত যে, সরকারি কর্মীদের অনশন চতুর্থ সপ্তাহে প্রবেশ করেছে। সমস্যা জটিল হতে পারে কিন্তু সব সময় সমাধানের একটি সহজ উপায় আছে। আমাদের ভাইদের মূল্যবান জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাঁরা তাঁদের হৃদয়ের কাছাকাছি একটি কারণের জন্য অনশন করে চলেছেন।‘ রাজভবনের তরফে আন্দোলনকারীদের অবিলম্বে অনশন তুলে নেওয়ার আবেদন করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে বসে আলোচনা করে সমাধানের পথ খুঁজে বার করার জন্য অনুরোধ করেছেন তিনি।
