
গোসাবা, ৮ এপ্রিল : দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় ফের নদী বাঁধে বিশাল ধস নামল। গোসাবার ছোট মোল্লাখালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালিদাসপুর গ্রামে কাপুরা নদীর পাড়ে ধস নেমেছে শুক্রবার সন্ধ্যায়। প্রায় ১০০ ফুটের বেশি এলাকা জুড়ে ধস নেমেছে। যার ফলে আতঙ্কিত এলাকার সাধারণ মানুষজন। ঘটনার খবর পেয়ে সেচ দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। দ্রুত নদী বাঁধ মেরামতির চেষ্টা চালাচ্ছেন তাঁরা। যাতে নদীর নোনা জল বাঁধ ভেঙে গ্রামের মধ্যে ঢুকে পড়তে না পারে সেই কারণে দ্রুত বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে শনিবার সকাল থেকেই।
এর আগেও এই একই জায়গায় বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত হয়েছিল বিগত ঘূর্ণিঝড়গুলির সময়। তবে শুক্রবার সন্ধ্যায় কোনও রকম ঝড় না হলেও ভাটার সময় আচমকাই এই বিস্তীর্ণ এলাকার নদীবাঁধে ধস নামে। স্থানীয়রাই সেচ দফতরকে খবর দিলে রাতে তাঁরা ঘটনাস্থলে এসে দ্রুত পরিস্থিতি মোকাবিলার জন্য কাজ শুরু করেন।
