
কলকাতা, ১ নভেম্বর : বুধবার রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোস ১৪ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করেন।
সূত্রের দাবি, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, হরিয়ানা, কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ, পঞ্জাব, তামিলনাড়ু এবং আন্দামান নিকোবর কেন্দ্রশাসিত অঞ্চল, চণ্ডীগড়, দিল্লি, লাক্ষাদ্বীপ, পুদুচেরি এবং জম্মু-কাশ্মীর দিবস উদযাপন হয়।
প্রত্যেকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খাদ্যাভ্যাস থেকে শুরু করে তার ইতিহাস এবং সংস্কৃতি নিয়ে আলোচনা হয়। এই সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কলকাতায় বসবাসকারী বাসিন্দারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বলে খবর। নিজ নিজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিত্ব করেন তাঁরা। একইসঙ্গে তাঁদের রাজ্যের সঙ্গে কলকাতা ও পশ্চিমবঙ্গের পার্থক্য এবং এখানকার আতিথেয়তা নিয়েও বক্তব্য রাখেন বলে সূত্রের খবর ।
মূলত, স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে বছরভর বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন রাজ্যের প্রতিষ্ঠা দিবস উদযাপন হয় রাজভবনে। একইভাবে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ২০ জুন রাজভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যা নিয়ে রাজ্য সরকার এবং রাজভবনের মধ্যে সংঘাত বাঁধে। শুরু হয় রাজনৈতিক তরজা। রাজ্য সরকারের তরফে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে অন্য একটি দিনকে বেছে নেওয়া হয়েছে। অন্যদিকে, ২০ জুনকেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে মেনে নিয়েছে রাজভবন।
