
কলকাতা, ১৩ মে : সামনের বছর লোকসভা নির্বাচন। তার আগে মরিয়া লড়াই ছিল। কর্নাটকে সেই পরীক্ষায় আপাত ভাবে উতরে গেল কংগ্রেস। আর সেই আবহেই নিজের ব্যক্তিগত অনুভূতি বুঝিয়ে দিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ কৌশিক বসু। তাঁর বক্তব্য, 'আজ কর্নাটক যা ভাবছে, কাল তা ভাববে ভারত'।
কৌশিকবাবু বিশিষ্ট অর্থনীতিবিদ, আমেরিকার খ্যাতনামা কর্নেল ইউনিভার্সিটির অধ্যাপক। বিশ্বব্যাঙ্কের মুখ্য উপদেষ্টা হিসেবেই কর্মরত ছিলেন তিনি। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত কেন্দ্রে মনমোহন সিংহের সরকারে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টাও ছিলেন। এর আগেও একাধিক বার কেন্দ্রের বর্তমান নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে নিজের অবস্থান ব্যক্ত করেছেন তিনি। সম্প্রতি বিশ্বভারতী বনাম অমর্ত্য সেন দ্বন্দ্বে, নোবেলজয়ী অর্থনীতিবিদের পাশেই দাঁড়াতে দেখা যায় তাঁকে।
শনিবার কর্নাটক বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। সকাল থেকে গণনা চলে। তাতে বিজেপি-কে পিছনে ফেলে এগিয়ে যায় কংগ্রেস। সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দিকে এগোতে থাকে তারা। তাতেই ট্যুইটারে মুখ খোলেন কৌশিকবাবু। সরাসরি কোনও দলের নাম উল্লেখ না করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে নিজের অবস্থান বুঝিয়ে দেন। লেখেন, 'আজ কর্নাটক যা ভাবছে, কাল তা ভাববে ভারত'।
