
নয়াদিল্লি, ৫ জুন : কয়লা পাচার মামলায় এবার রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এর আগে একাধিকবার দিল্লিতে তলব করা হয়েছিল তাঁকে। কিন্তু বারবারই হাজিরা এড়িয়ে যান তিনি। এবার তাঁর থেকে সময় নিয়েই হাজিরার নোটিশ পাঠিয়েছে ইডি। ১৯ জুন দিল্লিতে ইডি’র সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে আসানসোল উত্তরের তৃণমূল বিধায়ককে। এবার সশরীরে দিল্লিতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। গত ২২ সেপ্টেম্বর মলয়ের বাড়ি সহ তাঁর অফিসে তল্লাশি চালায় ইডি আধিকারিকেরা। আদালতের নির্দেশ ছিল, মলয়কে তলব করতে হলে তাঁকে সময় দিতে হবে।
প্রসঙ্গত, এর আগে কয়লা পাচার মামলার তদন্তে সিবিআই অভিযান চালিয়েছিল মন্ত্রীর আসানসোলের বাড়ি, এমনকি রাজভনের মন্ত্রী কোয়ার্টারের যে ফ্লোরে মলয় ঘটক থাকেন সেখানেও। এবার তাঁকে তলব করল ইডি। ইডি’র ডাকার বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন মন্ত্রী। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, মন্ত্রীকে অন্তত ১৫ দিন সময় দিয়ে ডাকতে হবে। তাঁর থেকে সময় নিয়েই ডাকা হল মন্ত্রীকে।
অন্যদিকে, কয়লা মামলার তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও ৮ জুন তলব করেছে ইডি। তাঁকে অবশ্য সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন দুই সন্তানকে নিয়ে দুবাই যাচ্ছিলেন রুজিরা। কিন্তু বিমানবন্দরে তাঁকে আটকে দেওয়া হয়।
