
আসানসোল, ৯ জানুয়ারি : অগ্নিদগ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে। সোমবার সকালে আসানসোলের সেন্ট জোসেফ স্কুলের কাছ থেকে ওই দেহ উদ্ধার করা হয়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিন সকালে স্কুলের পাশের পরিত্যক্ত জমিতে অর্ধদগ্ধ দেহ দেখতে পান স্থানীয় মানুষজন। তাঁরাই প্রথমে স্কুলে খবর দেন। তার পর পুলিশের কাছে খবর পৌঁছয়। মৃতদেহের পাশ থেকে একটি সাইকেলও উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম ও পরিচয় এখনও যায়নি। তবে প্রাথমিক ভাবে অনুমান, শীতের রাতে ওই পরিত্যক্ত জমিতে কাঠকুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়েই বিপত্তি ঘটে থাকতে পারে। আসানসোল-দুর্গাপুরের ডেপুটি কমিশনার কুলদীপ এসএস বলেন, ‘‘আগুনে পোড়া এক পুরুষের মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনও তাঁর নাম ও পরিচয় জানা যায়নি।"
