
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আর একদিনও সময় নয়। সই বিতর্ক মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে সিআইডির সামনে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। একইসঙ্গে আদালত জানিয়েছে, আপাতত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না।সিআইডির নোটিস খারিজ ও আইনি সুরক্ষা চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলার শুনানিতে বিচারপতি কৌশিক চন্দ এই নির্দেশ দেন। ফলে তদন্তে সহযোগিতার জন্য তাঁকে হাজিরা দিতে হলেও, আপাতত গ্রেপ্তারি-সহ কোনও কঠোর পদক্ষেপ থেকে বিরত থাকার নির্দেশ রয়েছে তদন্তকারী সংস্থার প্রতি।
এই মুহূর্তে দিল্লিতে আছেন অভিষেক। এ দিন বিকেলে দিল্লি থেকে ফেরার কথা তাঁর। সেখান থেকে কলকাতায় ফিরে ভবানী ভবনে যেতে হবে। দু’সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানিতে সিআইডিকে তদন্তে অগ্রগতির রিপোর্ট ও অভিযুক্তের তদন্তে সহযোগিতা নিয়ে রিপোর্ট দিতে হবে আদালতে।একই সঙ্গে আদালত জানায়, আগামী দিনে যদি অভিষেককে ফের তলব করতে হয়, তা হলে ২৪ ঘণ্টা আগে নোটিস দিতে হবে। রাজ্য সরকারের তরফে এ দিন আদালতে অভিষেকের রক্ষাকবচ বাতিলের জন্য জোরালো সওয়াল করা হয়। যদিও বিচারপতি সেই রক্ষাকবচের নির্দেশ ফেরাতে নারাজ।
বিচারপতির বক্তব্য, ‘দরকার হলে পুলিশ ওয়ারেন্ট ইস্যু করুক। আইনে রক্ষাকবচ দেওয়ায় কোনও বাধা নেই। আর তাঁর থেকে প্রয়োজনীয় নথি না বের করতে পারলে, সেটা রাজ্য পুলিশের ব্যর্থতা হিসেবে গণ্য হবে। পুলিশ প্রয়োজনে এসে জানাক, তিনি সহযোগিতা করছেন না। তখন দেখব।’অন্যদিকে এ দিন বিধায়কদের সই জাল মামলায় সমগ্র FIR চ্যালেঞ্জ করেও হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত মামলা দায়েরের অনুমতি দিয়েছে।
