
কলকাতা, ১২ মার্চ : রাজ্যপাল সিভি আনন্দ বোস মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে আন্দোলনকারীদের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে রবিবার রাজভবনে বৈঠক করলেন। শনিবারই ডিএ সংক্রান্ত জটিলতা নিয়ে আলোচনার ডাক দিয়েছিলেন তিনি। আলোচনার মাধ্যমেই সমস্ত সমস্যার সমাধান সম্ভব বলে জানিয়েছিলেন তিনি। এর পর রবিবার বেলায় রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেল আন্দোলনকারীদের প্রতিনিধি দল।
রবিবার বেলা ১১টার পর রাজভবনে পৌঁছয় আন্দোলনকারীদের প্রতিনিধি দল। সংগ্রামী যৌথ মঞ্চের পাঁচ সদস্য রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান। রাজভবনে বেশ কিছু ক্ষণ ছিলেন তাঁরা। বেরিয়ে এসে জানান, রাজ্যপাল তাঁদের আশ্বস্ত করেছেন। সিভি আনন্দ বোস নিজেও প্রাক্তন সরকারি কর্মচারী। তিনি জানিয়েছেন, আন্দোলনকারীদের ডিএ সংক্রান্ত দাবি যথার্থ। সাংবিধানিক পদে থেকে তিনি এই দাবি পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা করবেন।
তবে রাজ্যপালের আশ্বাস মিললেও এখনই আন্দোলন বন্ধ করা হচ্ছে না। রাজ্যপালের আশ্বাসের পর কী পদক্ষেপ করা হয়, তা আগে দেখবেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যেরা। সেই অনুযায়ী আন্দোলন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, এর আগে শনিবার রাতে রাজভবন থেকে দু’টি টুইট করেছিলেন রাজ্যপাল। সেখানে তিনি জানিয়েছিলেন, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-র দাবিতে আন্দোলন চতুর্থ সপ্তাহে পা দিয়েছে, এতে তিনি ব্যথিত। সমস্যাটি জটিল হলেও আলোচনার মাধ্যমেই তার সমাধান সম্ভব। তাই অবিলম্বে অনশন তুলে সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন রাজ্যপাল বোস।
