
কালনা, ১০ অক্টোবর : ভাগীরথী তীরবর্তী কালনার জাপটপাড়ায় সোমবার রাতে ঢুকে পড়েছিল একটি পূর্ণবয়স্ক বিশালাকার কুমির। ওই কুমির নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। মঙ্গলবার সকাল থেকেও এ দোর ও দোর ঘুরঘুর করছে প্রায় ১০ ফুট লম্বা এই কুমিরটি। অবশেষে মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ বনদফতরের কর্মীরা মিলে কুমিরটিকে পাকড়াও করে।
ভাগীরথী নদী সংলগ্ন গ্রাম পালপাড়া। মনে করা হচ্ছে সেখান থেকেই উঠে এসেছে এই কুমির।
বন দফতরের আধিকারিক শিবপ্রসাদ সিনহা বলেন, “এখান থেকে গঙ্গা খুবই কাছে। সেখান থেকেই কুমিরটি উঠে পড়েছে মনে হচ্ছে। তবে লোকালয়ে কুমির চলে আসাটা চিন্তার ব্যাপার। মিষ্টি জলের কুমির এটা। তাই মানুষকে কামড়ানো বা তাড়া করা এদের স্বভাব না। তবু কীভাবে লোকালয়ে ঢুকে গেল দেখতে হবে।”
এলাকাবাসীদের দাবি, তাঁরা জীবনে এই প্রথম লোকালয়ে কুমির দেখলেন। এই নিয়ে এলাকায় প্রবল আতঙ্ক ছড়ায়। সারারাত ঘুম নেই এলাকার বাসিন্দাদের চোখে। পরিস্থিতি সামাল দিতে ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছয়। খবর দেওয়া হয় বনদফতরেও। পুলিশ-বনদফতর দড়ি দিয়ে কুমিড়টিকে ঘিরে দেয় যাতে কোনও বিপদ না ঘটে।এরপর সকাল সাড়ে আটটা নাগাদ বনদফতরের কর্মীরা কুমিরটিকে উদ্ধার করে।
