
সোনারপুর, ১৭ মার্চ : পুলিশের চোখে ধুলো দিতে ইনোভা গাড়িতে করে গরু পাচার করা হচ্ছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে রাস্তায় টহলরত সোনারপুর থানার পুলিশ কর্মীদের সন্দেহ হওয়ায় গাড়িটিকে ধাওয়া করে পুলিশ। পুলিশের হাত থেকে বাঁচতে দ্রুত গতিতে গাড়ি নিয়ে পালাতে গিয়েই লাইট পোস্টে ধাক্কা মারে গাড়িটি। আহত অবস্থায় রফিক খান নামে ওই গাড়ির চালককে উদ্ধার করে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। গাড়িতে থাকা আরও দু''জন পলাতক বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে একটি ইনোভা গাড়ি সোনারপুর মোড় থেকে রাজপুরের দিকে যাচ্ছিল। সোনারপুর থানার পিসি পার্টির সন্দেহ হওয়ায় গাড়িটিকে ধাওয়া করে। সোনারপুরের বারেন্দ্রপাড়া শনি মন্দিরের কাছে একটি ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে গাড়িটি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইনোভা গাড়ির পেছনের সীট খুলে গরু পাচারের কাজ করা হত। গাড়িটিতে মোট তিনটি গরু ছিল। দুর্ঘটনায় একটি গরু মারা গিয়েছে বলে পুলিশ সূত্রের খবর। বাকি দু''টি গরুকে উদ্ধার করা হয়েছে। যাতে দেখে সন্দেহ না হয় সে জন্য ইনোভা গাড়িতে করে গরু পাচারের কাজ করা হচ্ছিল বলে মনে করছে পুলিশ।
