
কলকাতা, ১ মার্চ : কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনায় রাজ্যের কাছে আগামী ২ দিনের মধ্যে রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট। বুধবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ, শুক্রবারের মধ্যে এ বিষয়ে রাজ্যকে তথ্য দিতে হবে। আদালতে জমা দিতে হবে কেস ডায়েরিও। আগামী শুক্রবার দুপুর সাড়ে ১২টায় আবার এই মামলার শুনানি রয়েছে।
প্রসঙ্গত গত শনিবার কোচবিহারের দিনহাটায় নিশীথের জনসংযোগ কর্মসূচি চলার সময় হামলা হয় বলে অভিযোগ। বিজেপির দাবি, এই হামলা পূর্ব পরিকল্পিত। তৃণমূলের পাল্টা দাবি নিশীথ প্রামাণিকই প্ররোচনা ছড়িয়েছেন। তার ফলে বিজেপি-তৃণমূল সংঘর্ষ হয়।
নিশীথের কনভয়ে হামলায় ঘটনায় এই জনস্বার্থ মামলাটি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার তাঁর আইনজীবীর সওয়াল করেন, শনিবারের ওই ঘটনা ছিল পূর্বপরিকল্পিত। আগে থেকেই দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহের প্ররোচনা ছিল। তার পরই কেন্দ্রীয় মন্ত্রীর কনভয় এবং গাড়িতে শাসকদলের কর্মীরা হামলা চালান। ঢিল ছোড়া হয়, বোমা মারা হয়। লাঠি নিয়ে বিজেপি কর্মীদের উপর আক্রমণ করা হয়। তাতে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর গাড়ির কাচ ভেঙে গিয়েছে। এমনকি, তাঁর জীবনহানিও হতে পারত। একই সঙ্গে তৃণমূল যে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি ঘেরাও কর্মসূচি নিয়েছিল, তা নিয়ে প্রশ্ন করেন মামলাকারীর আইনজীবী।
