West Bengal

3 years ago

Mamata Banerjee : মঙ্গলবার ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা, ১৪ নভেম্বর  : মঙ্গলবার ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, সেখানে তিনি আদিবাসী সম্প্রদায়ের নেতা বীরসা মুন্ডার জন্মজয়ন্তী পালনে বেলপাহাড়ির সাহারিতে যাবেন। সেখানেই তিনি বীরসা মুন্ডার পাঁচটি মূর্তির উদ্বোধন করবেন। জঙ্গলমহলের চারটি জায়গা এবং উত্তরবঙ্গের আদিবাসী অধ্যুষিত আলিপুরদুয়ারের মাদারিহাটে মূর্তিগুলি স্থাপন করার বন্দোবস্ত হয়েছে।

উল্লেখ্য, এই মুহূর্তে অখিল গিরির মন্তব্যে ব্যাকফুটে রয়েছে শাসক দল তৃণমূল। যদিও অখিলের রাষ্ট্রপতি প্রসঙ্গে করা ওই মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল। পাশাপাশি যে কোনও ভাবেই দল সমর্থন করে না তা আগেই স্পষ্ট করে দেয় তৃণমূল। কিন্তু তা সত্ত্বেও বিজেপি নেতৃত্ব বিষয়টিকে নিয়ে জাতীয় স্তরে সরব হয়েছে।

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বীরসা মুন্ডা আদিবাসী সম্প্রদায়ের কাছে বীরত্বের প্রতীক। অখিলের মন্তব্যকে ধামাচাপা দিতেই বীরসা মুন্ডার মূর্তি স্থাপন করে রাজ্য সরকারের ভাবমূর্তি ফেরানোই লক্ষ্য মুখ্যমন্ত্রীর, এমনটাই মনে করছেন রাজনীতিবিদরা।

উল্লেখ্য, বেলপাহাড়ির সাহাড়ি লাগোয়া কুচলাপাহাড়ির ফুটবল মাঠে তৈরি হচ্ছে বিশাল প্যাণ্ডেল। পাশেই হয়েছে হেলি প্যাড। সোমবার সেই প্রস্তুতির শেষ পর্যায়ের কাজ চলছে জোর কদমে। মঙ্গলবার দুপুর ১টা নাগাদ মুখ্যমন্ত্রীর সভা রয়েছে। মাওবাদীদের আঁতুড় ঘর বেলপাহাড়ির এই জায়গায় পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রীর সভা করা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে গোটা এলাকা। ইতিমধ্যে প্রশাসনিক কর্তা সহ পুলিশ আধিকারিকরাও সভাস্থল পরিদর্শন করে গিয়েছেন।


You might also like!