
কলকাতা, ৩ নভেম্বর : “দিশেহারা রাজ্য কী করবে বুঝতে পারছে না তাও মোদী হটাও। তার জন্য স্ট্যালিনের কাছে যেতে হবে, স্ট্যালিন তো টাকা দেবেন না। টাকা কেন্দ্র সরকার দেবে। সেই টাকা সৎভাবে ব্যবহার হওয়া উচিত।“
বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি একাধিক ইস্যুতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তাঁর নেতৃত্বাধীন সরকারকে একহাত নেন। একশো দিনের কাজের টাকা নেই বলে মন্ত্রিসভার বৈঠকে বুধবার মুখ্যমন্ত্রীর দুশ্চিন্তা প্রকাশ প্রসঙ্গে প্রতিক্রিয়ায় দিলীপবাবু বলেন, “দেখুন বৈঠক করে সমাধান হবে না। রাজনীতির উর্ধ্বে উঠতে হবে। সব জায়গায় যদি রাজনীতি খুঁজতে যান, সব জায়গায় ভোট দেখতে যান, তাহলেই দুরবস্থা হবে। যেটা হয়েছে সরকার এখন দিশেহারা কী করবে বুঝতে পারছে না তাও মোদী হটাও। তার জন্য স্ট্যালিনের কাছে যেতে হবে, স্ট্যালিন তো টাকা দেবেন না। টাকা কেন্দ্র সরকার দেবে। সেই টাকা সৎভাবে ব্যবহার হওয়া উচিত।”
প্রসঙ্গত, বিজেপির বিরোধী জোট জল্পনার আবহে বুধবার তামিলনাডু পৌঁছেই সে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্টালিনের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। চেন্নাইয়ে স্ট্যালিনের বাড়িতে বৈঠকও হয় দু্'জনের মধ্যে। ডিএমকে সূত্রের খবর, বৈঠকে উপস্থিত ছিলেন, সাংসদ কানিমোজি (স্ট্যালিনের বোন), ছেলে উদয় এবং ডিএমকে নেতা টিআর বালু।
