West Bengal

2 years ago

WB Panchayat Election 2023 : আরও ১০ দিন কেন্দ্রীয় বাহিনী থাকবে রাজ্যে

Central forces monitoring polls in Bengal (Symbolic Picture)
Central forces monitoring polls in Bengal (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কেন্দ্রের তরফে জানানো হয়েছে রাজ্যে আরও ১০ দিন কেন্দ্রীয় বাহিনী থাকবে।তার প্রেক্ষিতে সোমবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চের নির্দেশ, এই ১০ দিনে কোথাও কোনও অশান্তি হলে সেখানে কেন্দ্রীয় বাহিনী পাঠাতে হবে।রাজ্যের পরিস্থিতি বিবেচনা করে হাই কোর্টের তরফে কেন্দ্রীয় বাহিনীর মেয়াদ বৃদ্ধি করার বিষয়টি কেন্দ্রকে বিবেচনা করে দেখতে বলা হয়েছিল। আরও এক মাস বাংলায় কেন্দ্রীয় বাহিনী রাখা যায় কি না, কেন্দ্রের কাছে জানতে চেয়েছিল হাই কোর্ট। সেই মামলাতেই কেন্দ্র জানিয়েছে, আরও ১০ দিন রাজ্যে বাহিনী থাকবে।

সোমবার আইনজীবী টিবরেওয়াল আদালতে জানান, অতিরিক্ত হলফনামায় আরও ৪০০ অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। এ ছাড়া, দুই মহিলাকে তিনি আদালতে নিয়েও এসেছিলেন যাঁরা পঞ্চায়েতে প্রার্থী হওয়ায় শারীরিক ভাবে নিগ্রহের শিকার হয়েছেন বলে অভিযোগ।এ প্রসঙ্গে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, সব অভিযোগ নেওয়া হয়েছে। এফআইআর করা হয়েছে। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটির জেনারেল (এএসজি) অশোককুমার চক্রবর্তী জানান, তাদের কাছে ২১৫টি অভিযোগ জমা পড়েছে। সবগুলিই রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তারা নোডাল অফিসারকে স্পর্শকাতর বুথের তালিকা জমা দেয়নি বলে অভিযোগ।

শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, ‘‘মানুষকে হত্যা করা হচ্ছে। এটা গুরুতর অভিযোগ। এ বিষয়ে কিছু করা প্রয়োজন। আগামী বৃহস্পতিবারের মধ্যে সমস্ত অতিরিক্ত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন তিনি।যে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে, তাঁদের নিরাপদে বাড়ি ফেরানোর নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। স্থানীয় থানাকে ওই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। সেই সঙ্গে পুলিশ সুপারের তদারকিতে অভিযোগগুলির তদন্ত করতে বলেছে আদালত।

You might also like!