
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জলের ট্যাঙ্ক ভেঙে বিপত্তি বর্ধমান স্টেশনে। সুত্র মারফত জানা গিয়েছে ট্যাঙ্ক ভেঙে এক পুরুষ যাত্রীর মৃত্যু হয়েছে। তবে এই মৃত্যুর ঘটনাকে এখনও স্বীকার করেনি রেল কর্তৃপক্ষ। এর পাশাপাশি আশঙ্কা করা হচ্ছে বেশ কয়েক জনে এই দুর্ঘটনায় আহত।
দুর্ঘটনার জেরে ঘটনাস্থলে পৌঁছেছে আরপিএফ এবং দমকল। চলছে উদ্ধারকাজ। স্থানীয় সূত্রে খবর, বর্ধমান স্টেশনের ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে যে জলের ট্যাঙ্কটি ছিল, আচমকাই তা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। কী করে ট্যাঙ্ক ভেঙে পড়ল তা এখনও পরিষ্কার নয়।
পূর্ব রেলের মুখ্যজনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘‘দুর্ঘটনার খবর পেয়েছি। আমরা ওখানেই যাচ্ছি। কী করে ঘটল তা এখনও পরিষ্কার নয়। আহতদের দ্রুত বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করানো হয়েছে। দুর্ঘটনার জেরে ট্রেন চলাচল কিছুটা ব্যাহত হয়েছে।’’ কৌশিক অবশ্য যাত্রীর মৃত্যুর খবর স্বীকার করেননি। এ ব্যাপারে তাঁর কাছে এখনও কোনও সরকারি ভাবে নিশ্চিত খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় সূত্রের খবর, বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে একটি ওভারহেড জলের ট্যাঙ্ক হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই সময় দু’টি প্ল্যাটফর্মেই গাদাগাদি ভিড়। আচমকা ট্যাঙ্ক ভেঙে পড়ায় মুহূর্তে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। জানা যাচ্ছে, ওই প্ল্যাটফর্মে যাত্রীদের বসার একটি শেড ছিল। ট্যাঙ্কটি হুড়মুড় করে সেই শেডের উপর পড়ে যায়। তাতেই বিপত্তি।
