kolkata

1 hour ago

West Bengal Election 2026: আঁটোসাঁটো নিরাপত্তায় পশ্চিমবঙ্গের ১৪২টি আসনে ভোট শুরু, বিশেষ নজরে ভবানীপুর

West Bengal Election 2026
West Bengal Election 2026

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ। বুধবার সকাল থেকে ৭টা থেকে গণতন্ত্রের উৎসবে শামিল হয়েছেন কলকাতা-সহ ৭টি জেলার ভোটাররা। এই দফায় ১৪২টি আসনে ভোট নেওয়া হচ্ছে। ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোটগ্রহণকে অবাধ ও শান্তিপূর্ণ নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফার ভোটে ২,৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়— ৫০৭ কোম্পানি। এবারের বিধানসভা নির্বাচনে অন্যতম নজরকাড়া কেন্দ্র ভবানীপুর। পাঁচ বছর পর ফের মমতা বন্দ্যোপাধ্যায়-শুভেন্দু অধিকারী দ্বৈরথ দেখা যাবে এই আসনে। বুধবার দ্বিতীয় দফায় ভোট হচ্ছে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায়। কিন্তু, সবথেকে বেশি নজর ভবানীপুরের দিকে। এ বার এই কেন্দ্রে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর। ২০২১ সালের ভোটেও এই দ্বৈরথ দেখেছিল পশ্চিমবঙ্গ। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। তবে এ বার আসন বদলেছে। ভবানীপুর মুখ্যমন্ত্রী মমতার কেন্দ্র। এ বার সেই কেন্দ্রেই বিজেপির টিকিটে লড়ছেন শুভেন্দুও।

শুধু ভবানীপুর নয়, কলকাতার বাকি ১০ আসনের দিকেও নজর রয়েছে বুধবার। কলকাতা বন্দরে এ বারও তৃণমূলের প্রার্থী ফিরহাদ হাকিম। ফিরহাদের বিপক্ষে বিজেপির প্রার্থী রাকেশ সিং। তার পরেই রয়েছে রাসবিহারী বিধাসভা কেন্দ্র। এই কেন্দ্রে তৃণমূল বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারকেই টিকিট দিয়েছে। তাঁর বিপক্ষে বিজেপির হয়ে লড়ছেন স্বপন দাশগুপ্ত। বালিগঞ্জ আসনে এ বার প্রার্থী বদল করেছে তৃণমূল। গত বার এই কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের টিকিটে জিতেছিলেন বাবুল সুপ্রিয়। তবে তাঁকে আগেই তৃণমূল রাজ্যসভায় পাঠিয়েছে। আর বালিগঞ্জ কেন্দ্রে টিকিট দেওয়া হয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়কে। তিনিও বিদায়ী মন্ত্রী। ওই বালিগঞ্জ কেন্দ্রে সিপিএমের প্রার্থী আরফিন বেগম (শিল্পী)। বাম রাজনীতিতে নতুন মুখ। চৌরঙ্গী বিধানসভায় লড়াই তৃণমূলের নয়না বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির সন্তোষ পাঠকের মধ্যে। এছাড়াও আরও অনেকগুলি নজরকাড়া কেন্দ্র রয়েছে। উল্লেখ্য, দ্বিতীয় দফায় যে ১৪২টি আসনে ভোটগ্রহণ হচ্ছে, তার মধ্যে গত বারের নির্বাচনে তৃণমূল জিতেছিল ১২৩টি আসন। বিজেপির ঝুলিতে ছিল ১৮টি। আর আইএসএফ জিতেছিল একটি আসনে।

You might also like!