
নদিয়া, ২৮ আগস্ট : দীর্ঘ ১৫ বছরের তৃণমূলী শাসনের অবসান ঘটিয়ে পঞ্চায়েত কার্যালয়ে প্রবেশ করল বিজেপি। সোমবার পঞ্চায়েতে গোবর ও গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণের পর তাঁরা কাজ শুরু করেন। নদিয়ার কৃষ্ণগঞ্জের তালদহ মাজদিয়া গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
গঙ্গাজল ও গোবর জল দিয়ে পঞ্চায়েত কার্যালয়ে শুদ্ধিকরণ করার পর ভিতরে প্রবেশ করলেন নবনির্বাচিত বিজেপি প্রধান, উপপ্রধান সহ পঞ্চায়েত সদস্যরা। ২২টি আসন বিশিষ্ট ওই পঞ্চায়েতটি দীর্ঘ ১৫ বছর রাজ্যের শাসকদল তৃণমূলের দখলে ছিল। এলাকাবাসীদের অভিযোগ, ১৫ বছর পঞ্চায়েতের দায়িত্বে থাকা সত্বেও এলাকার কোনও রকম উন্নয়নমূলক কাজ করেনি শাসকদল শাসিত তালদহ মাজদিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন বোর্ড সদস্যরা। রাতের অন্ধকারে রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থাও ছিল না বলে অভিযোগ।
স্থানীয়রা আরও জানান, শুধু রাস্তাঘাট নয়, বিভিন্ন উন্নয়নমূলক কাজ কার্যত বন্ধ হয়ে গিয়েছিল পূর্বের বোর্ড দায়িত্বে থাকাকালীন সময়ে। এরপর ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে ২২টি আসনের মধ্যে ১২টি আসন যায় বিজেপির দখলে। তৃণমূলের ঝুলিতে যায় ১০টি আসন। পঞ্চায়েত বোর্ড গঠন করে বিজেপি। মূলত তারই পরিপ্রেক্ষিতে সোমবার ঙ্গাজল ও গোবর দিয়ে পঞ্চায়েত ভবন পরিষ্কার করে তালদহ মাজদিয়া গ্রাম পঞ্চায়েত ভবনে প্রবেশ করলেন বিজেপি সমর্থিত নবনির্বাচিত পঞ্চায়েত বোর্ড সদস্যরা।
