
শিলিগুড়ি, ২৮ অক্টোবর : দুর্ঘটনার কবলে পড়লেন মালদহের ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। শুক্রবার রাতে বিজয়া দশমীর অনুষ্ঠান থেকে ফেরার পথে বিধায়কের গাড়িতে ধাক্কা মারে একটি মোটর বাইক। আহত অবস্থায় বিধায়ককে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শরীরের বেশ কিছু জায়গায় তিনি চোট পেয়েছেন। অন্য দিকে, একে নিছক দুর্ঘটনা বলতে নারাজ বিজেপি। তাদের দাবি, নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে।
মানিকচকে দলীয় কর্মীদের সঙ্গে বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময়ের পর বাড়ি ফিরছিলেন শ্রীরূপা। ইংরেজবাজারের মিল্কি খাসখোল এলাকায় দুর্ঘটনার মুখে পড়ে বিধায়কের গাড়ি। অভিযোগ, বিধায়কের গাড়ির পিছন দিক থেকে চার যুবক একটি বাইকে করে আসছিল। দ্রুত গতিতে এসে বাইকটি বিধায়কের গাড়িতে সজোরে ধাক্কা মারে। গাড়ির পিছনের দিকের কাচ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ভাঙা কাচের টুকরো বিধায়কের হাতে লাগে বলে অভিযোগ। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন নিরাপত্তারক্ষীরা। পাশাপাশি, যে চার যুবক বাইক নিয়ে ধাক্কা মারেন বলে অভিযোগ, তাঁরা পালানোর চেষ্টা করেন। তবে বিধায়কের নিরাপত্তারক্ষীরা চটজলদি তাঁদের দু’জনকে ধরে ফেলেন। খবর দেওয়া হয় পুলিশে। পরে মিল্কি পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের হয় বলে খবর। শনিবার সকালে শ্রীরূপা বলেছেন, "গত রাতে মানেক চক নির্বাচনী এলাকায় দলীয় কর্মীদের বাড়িতে গিয়েছিলাম।রাত ১০টা ৪৫ মিনিটে সেখান থেকে ফিরছিলাম। ইংলিশ বাজার এলাকায় গাড়ির পেছন থেকে একটা বিকট শব্দ শোনা গেল... আমরা দেখলাম গাড়ির পেছনের কাঁচটা পুরোপুরি ভেঙে গিয়েছে... ভাগ্যক্রমে, আমি আহত হইনি... আমার নিরাপত্তা রক্ষীরা সেখানে দু''জনকে পাকড়াও করে। ধরা পড়া একজনের বাবাও সেখানে আসেন। তার নাম ছিল মুদাসির রহমান। তিনি বলেন, তার ভাই জুয়েল সিদ্দিকী রেহমান জেলা পরিষদের সদস্য... জুয়েলের ভাইয়ের ছেলে হামলাকারীদের একজন ছিল, রিপোর্টে তার নাম রয়েছে... জুয়েল সিদ্দিকী রেহমান তৃণমূলের একজন নির্বাচিত নেতা।"
