
পুরুলিয়া, ৯ এপ্রিল : দীর্ঘ ১০ ঘণ্টা বৈঠকের পরেও কোনও সমস্যার সমাধান হল না। গতকাল রাত ৮টার পর ৪ জেলার আদিবাসী কুরমি সমাজের নেতাদের নিয়ে বৈঠকে বসে পুরুলিয়া জেলা প্রশাসন। কিন্তু, রাতভর দফায় দফায় বৈঠকের পরেও কোনও সমাধানসূত্র মেলেনি। জেলার ভূমি ও ভূমি রাজস্ব দফতরে প্রশাসনের সঙ্গে দফায় দফায় আলোচনা করার বৈঠক থেকে উত্তেজিতভাবে বেরিয়ে যান কুরমি নেতারা।
যাওয়ার সময় ক্ষোভের সুরে জানান, কোনও সরকার, কোনও প্রশাসনকে ওখানে যাওয়ার দরকার নেই, আমরাই অবরোধ তুলে নেব। সাংবাদিকদের সঙ্গেও দুর্ব্যবহার করেন সমাজের নেতারা। সাংবাদিকদের সঙ্গে কোনও কথা না বলেই তাঁরা চলে যান। বৈঠক থেকে বেরিয়ে সোজা কুষতার স্টেশনে চলে যান কুরমি সমাজের নেতারা। সেখানে গিয়ে প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।
ফলে আজ থেকে নতুন করে কোটশিলা স্টেশন ও পুরুলিয়া-রাঁচি রাজ্য সড়ক অবরোধ হয়। বৈঠকে জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো উপস্থিত ছিলেন। তবে রবিবারও আন্দোলন প্রত্যাহার না করলে পুলিশ-প্রশাসন কড়া মনোভাব নিতে পারে।
